সিরাত মঞ্জুর, নিজস্ব প্রতিবেদক
সাবেক ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “এই দেশ আমরা ভালোবাসি। এটা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই দেশে আর কোনোদিন যাতে ফ্যাসিবাদের জন্ম না হয়, আমাদের সচেতন থাকতে হবে।”
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট সদরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সীরাত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আ ফ ম খালিদ হোসেন বলেন, “গণতান্ত্রিক দেশ হবে, যারা জনগণের ভোট পাবে তারাই দেশ চালাবে। কিন্তু জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ম্লান করে দিয়ে ক্ষমতায় টিকে থাকার যে অসুস্থ প্রতিযোগিতা, তা আমার দেশকে আরও পিছিয়ে দিয়েছে। আমরা বাংলাদেশের মর্যাদা পৃথিবীর বুকে আরও উন্নত করতে চাই।”
তিনি বলেন, “আমরা আশাবাদী, সব ব্যক্তি যদি নিজ নিজ জায়গা থেকে দেশের চেহারা পাল্টাতে কাজ করেন, তাহলে খুব বেশি সময় লাগবে না। যারা চোর, তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না। আমরা দেশপ্রেমিক জনগোষ্ঠী তৈরি করতে চাই, আমানতদার জনগোষ্ঠী তৈরি করতে চাই।”
সাবেক ধর্ম উপদেষ্টা আরও বলেন, “মানুষ মূলত দুটি জিনিসের জন্য বেশি পাগল—টাকা ও নারী। এই দুটি বিষয়ে আমাদের বিরত থাকতে হবে।”
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আমান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি সুলতান আহমদ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা খালেদ সোলতানী, মাওলানা আতিকুল্লাহ বাবুনগরী, মাওলানা সালাহ উদ্দিন দৌলতপুরী, মাওলানা মামুনুল হক সিদ্দিকী, মাওলানা মুহিব্বুল্লাহ আমিনী, ইমাম উদ্দীন, মাওলানা শওকত আলী আ’জমী, মাওলানা হাবিবুল্লাহ দিদু এবং মাওলানা নেয়ামত উল্লাহ।
এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ড. হারুন আজিজী নদভী, মুফতি মুফিজুর রহমান চাটগামী, আল্লামা ড. নোমান আল আজহারী, মুফতি ওসমান, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা মাহফুজুর রহমান এবং ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক এন এম রহমতুল্লাহ।