নিজস্ব প্রতিবেদক:
‘জনগণের সেবায় উপজেলা প্রশাসন’—এই প্রত্যয়ে ফটিকছড়িতে নিয়মিত গণশুনানির মাধ্যমে নাগরিকদের কথা শুনছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ইউএনওর কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক গণশুনানিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নাগরিকেরা তাঁদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও মতামত তুলে ধরেন। ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম মনোযোগ দিয়ে তাঁদের কথা শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম দৈনিক ফটিকছড়িকে বলেন, ‘গণশুনানি হচ্ছে সাধারণ মানুষের কথা সরাসরি শোনার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষের সমস্যা ও প্রত্যাশাগুলো আমরা গুরুত্ব দিয়ে শুনছি। যেসব বিষয় উপজেলা প্রশাসনের মাধ্যমে সমাধান করা সম্ভব, সেগুলো দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। আর যেসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা প্রয়োজন, সেসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘সাধারণ মানুষ যেন হয়রানি ছাড়াই সরকারি সেবা পান, সেটিই আমাদের মূল লক্ষ্য। উপজেলা প্রশাসনের দরজা সবসময় মানুষের জন্য খোলা। নাগরিকদের সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে আমরা কাজ করে যাচ্ছি।’
গণশুনানিতে আগত নাগরিকদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, সাধারণ মানুষের আস্থা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে নাগরিক সেবা আরও সহজ ও গতিশীল করতে নিয়মিত গণশুনানি অব্যাহত থাকবে। এর মাধ্যমে নাগরিকেরা সরাসরি উপজেলা প্রশাসনের কাছে তাঁদের কথা বলার সুযোগ পাচ্ছেন।
‘জনগণের পাশে, সেবার প্রত্যয়ে’—এই লক্ষ্যেই ফটিকছড়ি উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।