নিজস্ব প্রতিবেদক:
ফটিকছড়ির বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিক মাস্টার আবুল বশর আর নেই।রোববার (৮ মার্চ) রাত ১০টা ১৫ মিনিটে লেলাংস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মাস্টার আবুল বশর দীর্ঘদিন নাজিরহাট কলেজিয়েট স্কুলে শিক্ষকতা করেছেন। শিক্ষার্থীদের জ্ঞানদানে নিবেদিতপ্রাণ এই শিক্ষক সমাজে সত্য ও ন্যায়ের কথা তুলে ধরতে সাংবাদিকতার কলমকেও জীবনের সঙ্গী করেছিলেন। বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সঙ্গে দীর্ঘ সময় যুক্ত থেকে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। শিক্ষা ও সাংবাদিকতা-দুই ক্ষেত্রেই তিনি এলাকায় সম্মান ও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত ছিলেন।
তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের মনুর বাড়ির বাসিন্দা এবং মরহুম মাওলানা আবদুর রহমানের সন্তান।
মাস্টার আবুল বশর অধুনালুপ্ত নাজিরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি দৈনিক পূর্বকোণ পত্রিকার নাজিরহাট সংবাদদাতা হিসেবেও দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে দৈনিক ফটিকছড়ি পরিবার গভীরভাবে শোক জানিয়েছে। একই সাথে ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাব ও ফটিকছড়ি প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রবীণ এই শিক্ষক-সাংবাদিকের প্রস্থানে ফটিকছড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকের স্মৃতিতে তিনি একজন সৎ, নিরহংকার ও মানবিক মানুষ হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন।