নিজস্ব প্রতিবেদক:
স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করা, নিরাপদ রক্ত সরবরাহ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে মানিকছড়ির গাড়িটানায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাসহ প্রায় ২৫০ জন অংশ নেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রক্তধারা চট্টগ্রাম স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গাড়িটানা দারুল ইসলাহ কারিমিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
সকাল থেকে বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পেইনে অংশ নেন। এতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্ত ব্যবস্থাপনা এবং জরুরি মুহূর্তে রক্তদানের ভূমিকা সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।
ক্যাম্পেইনে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকেরা অংশগ্রহণকারীদের প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ দেন। আয়োজকেরা জানান, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মকে মানবিক কাজে সম্পৃক্ত করার পাশাপাশি ভবিষ্যতে স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বাড়ানো সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাড়িটানা কারিমিয়া মাদ্রাসার সহকারী পরিচালক কাজী শহিদুল্লাহ ওয়াহেদ। তিনি বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজনের রক্তে অন্য একজনের জীবন বাঁচতে পারে। তরুণ সমাজকে মানবিক ও জনকল্যাণমূলক কাজে আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন রক্তধারা চট্টগ্রামের উপদেষ্টা আবু নাছের মোহাম্মদ সাহেদ। তিনি বলেন, নিরাপদ রক্ত সরবরাহ নিশ্চিত করতে সমাজে সচেতন রক্তদাতা তৈরি করা এখন সময়ের দাবি। এ ধরনের ক্যাম্পেইন মানুষের মধ্যে রক্তদান নিয়ে থাকা ভয় ও ভুল ধারণা দূর করার পাশাপাশি সচেতনতা তৈরিতে ভূমিকা রাখে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক তসলিম মাহমুদ। তিনি বলেন, রক্তধারা চট্টগ্রাম সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় সংগঠনের সহসভাপতি মো. রাসেল, আরাফাত মুঈন আরাভী ও মাসুম বিল্লাহসহ অতিথি ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে মাদ্রাসা, স্কুল ও স্থানীয় বাসিন্দাসহ প্রায় ২৫০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই নিজের রক্তের গ্রুপ জানতে পারছেন এবং রক্তদানে আগ্রহী হচ্ছেন। ভবিষ্যতে জরুরি সময়ে সচেতন রক্তদাতারাই অসংখ্য মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
সিরাত/১৪সেপ