নিজস্ব প্রতিবেদক:
হযরত গাউছুল আজম শাহ্সুফী মাওলানা ছৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) প্রকাশ বাবাভাণ্ডারীর পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য খোশরোজ শরীফে আগত লাখো আশেকান-ভক্তের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ সভার আয়োজন করা হয়।
শুক্রবার রাতে ফটিকছড়ির মাইজভাণ্ডার গাউছিয়া রহমান মঞ্জিলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর, ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম এবং নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম।
এ ছাড়া আশেকানে মাইজভাণ্ডারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আ ফ ম জামাল উদ্দিন, ব্যারিস্টার শাহিন মিরাজ চৌধুরী, অ্যাডভোকেট খালেদ মো. সাইফ উদ্দিন কামরুল, এম. ইয়াকুব আলী, প্রফেসর ড. মোজাহেরুল ইসলাম মাইজভাণ্ডারী, অ্যাডভোকেট হোসেন শহীদ মুজিব আলম (বাপ্পী) এবং ওরস পরিচালনা কমিটির সদস্য শহীদ জাফর দুলালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভায় আসন্ন খোশরোজ শরীফ উপলক্ষে আগত লাখো আশেকান-ভক্তের নিরাপত্তা নিশ্চিতকরণ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা, আলোকসজ্জা, খাস দরবার শরীফের সার্বিক শৃঙ্খলা রক্ষা এবং অন্যান্য প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত বিষয়েও আলোচনা করা হয়।
সভায় ওরস শরীফ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খোশরোজ শরীফ সুশৃঙ্খল, নিরাপদ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সভায় সর্বসম্মতিক্রমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ২৯ আশ্বিন, বাংলা ১৪৩৩ সনের (১৪ অক্টোবর) বাবাভাণ্ডারীর পবিত্র খোশরোজ শরীফ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নিউজ/সিরাত